![]() |
| Ajker Media |
কেন্দ্রের আনা নতুন ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে অধিকার সভা করলে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের নেতারা কেন তা বানচাল করতে ব্যস্ত হয়ে পড়ছেন—এই প্রশ্ন তুলে শাসক দলের তীব্র সমালোচনা করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী।
আজ উত্তর ২৪ পরগণার হাড়োয়া বিধানসভা এলাকার আমড়াডেঙ্গীতে আইএসএফ-এর ডাকা অধিকার সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নওসাদ সিদ্দিকী বলেন, প্রতিবাদ হচ্ছে বিজেপির বিরুদ্ধে, অথচ তাতে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি স্পষ্ট হয়ে উঠছে। তিনি দাবি করেন, এই সমাবেশ ভণ্ডুল করতে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গতকাল থেকেই ধারাবাহিক চেষ্টা চালিয়ে গিয়েছিল।
তবে সমস্ত বাধা ও আক্রমণ সত্ত্বেও সমাবেশে ব্যাপক জনসমাগম হয় বলে জানান আইএসএফ চেয়ারম্যান। তিনি বলেন, বাস্তবে তৃণমূল কংগ্রেসের জন্ম ১৯৯৮ সালে এই রাজ্যে তৎকালীন বিজেপি নেতৃত্বের তত্ত্বাবধানে। প্রকাশ্যে যতই সংঘাত থাকুক না কেন, ভিতরে ভিতরে এই দুই দলের সম্পর্ক অত্যন্ত মজবুত বলেও তিনি মন্তব্য করেন।
নওসাদ সিদ্দিকীর দাবি, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যকার লড়াই আসলে মেকি। তিনি বলেন, আইএসএফ নতুন ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে এবং রাজ্যের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ধারাবাহিক লড়াই চালিয়ে যাচ্ছে।
আইএসএফ চেয়ারম্যান বলেন, দলিত, আদিবাসী, মুসলমান সহ সমস্ত পিছিয়ে পড়া ও প্রান্তিক মানুষের অধিকার সুনিশ্চিত করতে আইএসএফ নিরবচ্ছিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই কারণেই শাসকদল ভীত হয়ে আইএসএফ-এর সভা বানচাল করার অপচেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
ভোটার তালিকায় এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও কড়া আক্রমণ শানান নওসাদ সিদ্দিকী। তিনি বলেন, মুখে মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যে এসআইআর করতে দেবেন না, অথচ প্রায় ৯০ হাজার অফিসার নিয়োগ করে নির্বাচন কমিশনকে সহায়তা করা হয়েছে।
তিনি স্পষ্টভাবে জানান, কোনও বৈধ ভোটারের নাম যদি তালিকা থেকে বাদ যায়, তবে দলমত নির্বিশেষে আইএসএফ সুপ্রিম কোর্টে গিয়ে তার হয়ে মামলা লড়বে। এই প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মুখ থেকে শোনা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
নওসাদ সিদ্দিকী বলেন, আইএসএফ মূল্যবোধের রাজনীতি করে। রাজনীতি সৌজন্যমূলক হোক এবং সমাজ হিংসামুক্ত হোক—এই লক্ষ্য নিয়েই আইএসএফ আগামী দিনেও লড়াই চালিয়ে যাবে।
অধিকার সমাবেশে উপস্থিত ছিলেন হাড়োয়া বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক পিয়ারুল ইসলাম, আইএসএফ রাজ্য কমিটির সদস্য কুতুবউদ্দিন ফাতেহি, মুসা কারিমুল্লা সহ স্থানীয় নেতৃত্ব।
তারিখ: ৭/১/২৬
বিউরো রিপোর্ট — আজকের মিডিয়া
